পাকিস্তানের প্রখ্যাত আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফকিহ ও ইসলামি অর্থনীতিবিদ আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী এক সপ্তাহের সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিনি এই সফর করবেন।
সফরের প্রধান সমন্বয়ক এবং রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি, মুফতি মিযানুর রহমান সাঈদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর ভোরে আল্লামা তাকি উসমানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব আল্লামা মোহাম্মদ হানিফ জালান্ধরি।
এক সপ্তাহের এই সফরে আল্লামা তাকি উসমানী রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও অ্যাকাডেমিক কর্মসূচিতে অংশ নেবেন:
দস্তারবন্দি সম্মেলন: ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত '১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলন'-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ ‘হাদিসে মুসালসালাত’-এর দরস প্রদান করবেন।
৭০ সালা সম্মেলন: ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি সম্মেলনে প্রধান মেহমান হিসেবে যোগ দেবেন।
বিশেষ সেমিনার: আল-হাইয়াতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত শীর্ষ আলেমদের একটি সেমিনারে তিনি বক্তব্য রাখবেন।
সাহিত্য ও গবেষণা মজলিস: তাঁর রচিত গ্রন্থাবলি, গবেষণা ও আন্তর্জাতিক অবদান নিয়ে দেশের প্রতিনিধিত্বশীল আলেম, গবেষক ও লেখকদের সমন্বয়ে একটি বিশেষ অ্যাকাডেমিক মজলিস অনুষ্ঠিত হবে।
এছাড়াও ঢাকার বাইরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, যা পরবর্তীতে চূড়ান্ত সূচির মাধ্যমে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান (রহ.)-এর আমন্ত্রণে ২০০৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন আল্লামা তাকি উসমানী। দীর্ঘ বিরতির পর তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের ইসলামি শিক্ষাঙ্গন ও সুধীমহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।




