কওমী মাদরাসা ও আলেম সমাজের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতিব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

তিনি বলেছেন, কওমী মাদরাসা দেশের দ্বীন ও ঈমান রক্ষার দুর্গ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী তাহযিব-তামাদ্দুন রক্ষায় কওমী ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে কওমী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ‘দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে কওমী ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমী ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মুফতী মাসুম বিন আবু বকরের সভাপতিত্বে দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হয়।

মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কওমী শিক্ষা ব্যবস্থাকে বিতর্কিত করতে এবং আলেম সমাজকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, কওমী মাদরাসা কোনো দল বা গোষ্ঠীর নয়; এটি উম্মাহর আমানত। মানবকল্যাণে কওমী আলেমদের অবদান আড়াল করার অপচেষ্টা আর মেনে নেওয়া হবে না। দেশের দ্বীনি শিক্ষার মূলধারা কওমী মাদরাসার বিরুদ্ধে চলমান নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্য বক্তারা বলেন, সরকারি কোনো অনুদান ছাড়াই কওমী মাদরাসাগুলো দ্বীনি শিক্ষা বিস্তার ও মানবসেবায় নীরবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, বন্যা, শীতবস্ত্র বিতরণসহ জাতীয় বিভিন্ন সংকটে কওমী ওলামায়ে কেরাম মানুষের পাশে দাঁড়ান।

তাঁরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে কওমী মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে-ময়দানে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা হেদায়াতুল্লাহ ফয়েজী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও মাওলানা শুয়াইব মাহমুদসহ অন্যান্য আলেম।

এ ছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।