পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টাদের এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, "ডিসেম্বর মাসকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার যেকোনো চেষ্টা সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।" শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি, এর পেছনের কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করতেই রবিবার সন্ধ্যায় সচিবালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে রবিবার দিনভর সাভার, আশুলিয়া, গাজীপুর এবং রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিক আন্দোলনের জেরে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৭৭টি এবং গাজীপুরে শতাধিক কারখানা ছুটি ছিল।

এদিকে শ্রমিকদের অসন্তোষ নিরসন ও নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে রবিবার একটি গেজেট প্রকাশ করা হয়েছে।