সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে জঘন্য অপরাধ সংঘটিত করার অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড (তা'যীর) কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সুইটি আক্তার। পবিত্র স্থান ও সময়ের মর্যাদা চরমভাবে লঙ্ঘন করে তারা মক্কার একটি মসজিদের ভেতরে যৌন অবক্ষয়মূলক অপরাধ সংঘটিত করেছিলেন।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করে। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার পর মামলাটি আদালতে পাঠানো হয়। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অপরাধের ভয়াবহতা ও পবিত্র স্থানের পবিত্রতা ক্ষুণ্ন করার বিষয়টি বিবেচনা করে উভয়েকে তা'যীর হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে উচ্চ আদালত রায় বহাল রাখার পর রাজকীয় ফরমান জারি করা হয় এবং ১৪ অক্টোবর ২০২৬ (৩ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয়।

বিবৃতিতে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস দেখালে তাকেও কঠোর ইসলামী শরীয়াহ আইনের মুখোমুখি হতে হবে।