মুফতি ফয়জুল্লাহ আমান, ইমাম, আনসান মসজিদ, দক্ষিণ কোরিয়া

মিয়ং ছাং ও ইয়ং হু, দুই কোরিয়ান কিশোর আজ আনসান মসজিদে এসেছিল। মিয়ং ছাং ডুয়োলিঙ্গো অ্যাপের মাধ্যমে আরবি শিখছে। ইয়ং হুও ইসলাম নিয়ে আগ্রহী।

ওরা দু-একটা আরবি শব্দ বলল। সালাম দিতে শিখেছে। নামাজের পাঁচ ওয়াক্তের নাম বলতে গিয়ে তাহাজ্জুদের কথাও বলল। এত অল্প বয়সে এত কিছু শিখে ফেলেছে!

বিকেলে এসে মাগরিবের নামাজ দেখার জন্য দীর্ঘক্ষণ বসে রইল। মসজিদ কমিটির সদস্য আশরাফ ভাই ওদের অজু করিয়ে দিলেন। তারপর আমাদের সাথে মাগরিবের নামাজ আদায় করল। যাওয়ার সময় ওদের হাতে তুলে দিলাম কোরিয়ান ভাষার একটি ইসলামি বই।

আরবি শেখার আগ্রহ কেন হলো, জিজ্ঞেস করলাম। মিয়ং ছাং বলল, "আরবির অনেক বিশেষত্ব আছে।" জানি না কোন বিশেষত্ব দেখে এই তরুণ বয়সে আরবি শেখার আগ্রহ জন্মেছে। তবে এই কৌতূহলী তরুণরা জানার আগ্রহ থেকেই এভাবে ইসলামকে চিনবে।

ইসলামের এক অপ্রতিরোধ্য আকর্ষণ শক্তি আছে। হয়তো একদিন সেই আকর্ষণেই ওরা ঈমানের আলোয় আলোকিত হবে।

আল্লাহ তায়ালা ওদের তরুণ মনে সত্যের দীপশিখা জ্বালিয়ে দিন, ওদের জানার তৃষ্ণা আরও বাড়িয়ে দিন।