কোরিয়া প্রতিনিধি | dawah24.com
এশিয়ান রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন International Conference of Asian Political Parties (ICAPP)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন:
১. মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, কার্যনির্বাহী সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য (দলনেতা)
২. কে. এম. বিল্লাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য ও আহ্বায়ক, কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপকমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩. ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
৪. মুহাম্মাদ রাজন শিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী টার্মিনালে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলবৃন্দ এবং কোরিয়ায় অবস্থানরত ওলামায়ে কেরাম। এ সময় প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
প্রতিনিধি দলের আগমন উপলক্ষে আগামী রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় সিউলের ইতেওনে অবস্থিত জায়কা রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া কেন্দ্রীয় কমিটি। একই দিনে সংগঠনের দক্ষিণ কোরিয়া শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ওলামা-সুধী সম্মেলনও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত আইক্যাপ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। এর স্থায়ী সচিবালয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে।




